‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’
ছবি মুক্তির ঘোষণা হতেই আবেগে ভাসলেন সৌরভ, রুদ্রনীলরা
নানা টানাপোড়েনের পর অবশেষে মুক্তি পাচ্ছে বহু প্রতিক্ষীত ছবি ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’। ১৪ নভেম্বর ছিল ছবি মুক্তির দিন। ফেডারেশনের নিয়মবিধি লঙ্ঘন করার ফলে আটকে গিয়েছিল ছবি মুক্তি। দফায় দফায় বৈঠকে বসে ছবির টিম ও ফেডারেশন। ছবির প্রযোজক টেকিনিশিয়ানদের বকেয়া টাকা মেটাতেই উঠল নিষেধ। বুধবারের বৈঠকেই শেষমেশ নির্ধারিত হয় ছবির ভবিষ্যৎ। ছবির বিশেষ প্রদর্শনীতে হাজির তারকারা।
ছবি মুক্তির ঘোষণা হতেই আবেগে ভাসলেন সৌরভ, রুদ্রনীলরা।
বৃহস্পতিবার ছবি মুক্তির কথা ঘোষণা হতেই উচ্ছ্বাসপ্রকাশ করেছিলেন অভিনেতা সৌরভ দাস। বিশেষ প্রদর্শনীর রাতে হাজির হলেন এই ছবির চরিত্র জীবন দাসের বেশেই। সৌরভ বলেন, “ছবিটা করার জন্য আমাকে রাজি করিয়েছিল রুদ্রদা। অনেক বাধা পেরিয়ে সবার শেষে এসেছি, তবে সবার থেকে এগিয়ে যাব।
এই ছবির সঙ্গে মুক্তি পেয়েছে আরও দুটি ছবি, ‘ডিপ ফ্রিজ’ ও ‘লক্ষীকান্তপুর লোকাল’। তবে ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ বাকি সব ছবিকে ছাপিয়ে যাবে বলে নিশ্চিত সৌরভ। এই ছবিমুক্তির উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর বার বার সমাজমাধ্যমে সরব হন অভিনেতা রুদ্রনীল ঘোষ। হঠাৎ ছবির মুক্তির খবর পেয়ে অভিনেতার আশঙ্কা তৈরি হয়েছিল, যে একদিনে ঠিক কতটা দর্শকের কাছে এই ছবি পৌঁছোবে! যদিও বিশেষ প্রদর্শনীর রাতে খুশি তিনি। বিনা পারিশ্রমিকে ছবিতে কাজ করেছেন। এই প্রসঙ্গে রুদ্রনীল বলেন, “এই কাজ করে ডাল-ভাত খাব। না হয় মাছ, মাংস খেলাম না। তবে কিছু কাজ করলে একটা শান্তি পাওয়া যায়।”
প্রসঙ্গত, এই ছবি নাকি আদ্যোপান্ত ছাত্রদের ছবি কোনো বাণিজ্যিক ছবি নয় বলেই দাবি করেছিলেন ছবির পরিচালক জয়ব্রত দাস-সহ ছবির টিম। ফেডারেশনের তরফে এই ছবি নিয়ে আপত্তি জানিয়ে বলা হয় যে, এই ছবির জন্য খরচ হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা। আর এত টাকা যে ছবির জন্য খরচ হয় তা কখনওই স্টুডেন্টস ফিল্ম নয়। এই ছবিতে জড়িয়ে রয়েছে দু’জন প্রযোজকের নাম। অতীতে বেশ কয়েকটি ছবির বকেয়া অর্থ
টেকনিশিয়ানদের না দেওয়ার অভিযোগও ছিল ছবির সঙ্গে সংযুক্ত প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। এইসব নিয়েই তৈরি হয়েছিল জটিলতা। সব মিলিয়েই ফেডারেশনের তরফে বলা হয়েছিল যে, যেখানে প্রযোজকের নাম রয়েছে সেখানে টেকনিশিয়ানদের স্বার্থ ক্ষুণ্ণ করা যাবে না। অবশেষে শোনা যাচ্ছে, সেইসব বকেয়া অর্থের অধিকাংশই নাকি মেটানো হয়েছে। ছবির ডিস্ট্রিবিউটরের দায়িত্ব পেয়েছে শতদীপ সাহা। অর্থ দিয়ে এই ছবির টিমকে নাকি সাহায্যও করেছেন তিনি। বৃহস্পতিবারই ছবি নিয়ে সুখবর পান ছবির পরিচালক জয়ব্রত দাস। অবশেষে ২১ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।