‘দেব-শুভশ্রী’
দর্শকের উন্মাদনা আর অনুরাগীদের ভালবাসায় আবারও ভরে ওঠেছিল প্রেক্ষাগৃহ। ‘ধূমকেতু’ বক্সঅফিসের একেরপর এক রেকর্ড ভেঙে দেয়
দীর্ঘ দশ বছর পর মুক্তির আলো দেখে ছিল ‘ধূমকেতু’। আর তার সাথে সাথেই দেব-শুভশ্রীর পুনর্মিলন নস্টালজিয়া উস্কে দিয়েছিলো। দর্শকের উন্মাদনা আর অনুরাগীদের ভালবাসায় আবারও ভরে ওঠেছিল প্রেক্ষাগৃহ। ‘ধূমকেতু’ বক্সঅফিসের একেরপর এক রেকর্ড ভেঙে দেয়। পর্দার সেই চিরচেনা রসায়নে ফের মজে ওঠে দর্শক। ‘দেশু’ জুটিকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন অনুরাগীরা। তবে গুঞ্জন উঠে ছিল এটাই নাকি দেব-শুভশ্রীর শেষ ছবি। এই নিয়েও বেশ মন খারাপ ছিল ভক্তদের। তবে সেই গুঞ্জন আরো উস্কে দিয়েছিলো দেব ও শুভশ্রীর ফের বদলানো সমীকরণ। কখনও সাক্ষাৎকারে একে-অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শোনা গিয়েছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে তো কখনও বা আবার ‘ধূমকেতু’র সাফল্য উদযাপনে নায়িকার অনুপস্থিতি নিয়ে জোর চর্চা হয়েছে। এমন আবহে দেব-শুভশ্রী জুটিকে ফিরে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সন্দেহ
প্রকাশ করেছিলেন অনেকেই। ভক্তদের মন ভাঙলেন না নায়ক-নায়িকা। বছরের শুরুতেই দিলেন সেই চমক। ২০২৬-এ ফের জুটি বাঁধছেন তাঁরা। এই বছর পুজোতেই নাকি মুক্তি পাবে সেই ছবি।
দেব–শুভশ্রীর জুটি কতটা সফল, তা আলাদা করে বলে দিতে হয় না। একসময় ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’র মতো একের পর এক সুপারহিট ছবি দিয়ে তাঁরা বক্স অফিসে সোনালি অধ্যায় রচনা করেছিলেন। দর্শকের ভালবসা আর ব্যবসায়িক সাফল্যে এই জুটি হয়ে উঠেছিল টলিউডের অন্যতম ভরসাযোগ্য নাম। ব্যক্তিগত মান অভিমান কাটিয়ে ‘ধূমকেতুর’ প্রচারের স্বার্থে একসঙ্গে মাঠে নেমেছিলেন তারা। প্রকাশ্যে ধরা পড়েছিল স্বচ্ছন্দ সহাবস্থান। কিন্তু সেই আবহ বেশিদিন স্থায়ী হল না। প্রচারের পর্ব শেষ হতেই আবারও সম্পর্কে ফাটলের ইঙ্গিত মিলতে শুরু করে, আর সেখান থেকেই নতুন করে তৈরি হয় জল্পনা ও বিতর্কের। ‘ধূমকেতু’র
মন কষাকষির পর অনেকেই ধরে নিয়েছিলেন, ‘দেশু’ জুটির ম্যাজিক হয়তো আর সিনেপর্দায় দেখা যাবে না। যদিও দেব-শুভশ্রী, একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভবিষ্যতে প্রয়োজনে জুটি বাঁধতে পারেন তাঁরা। তা শুনে অনুরাগীরাও আশায় বুক বেঁধেছিলেন। এবার অপেক্ষার অবসান। ছাব্বিশ সালের পুজোতেই বড়পর্দায় ফের আছড়ে পড়বে ‘দেশু’ ম্যাজিক। এই সুখবর তারা নিজেরাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
জানা গেছে, আদ্যোপান্ত রোমান্টিক ছবিতেই জুটি বাঁধছেন দেব-শুভশ্রী। যদিও সিনেমার নাম ঘোষণা করা হয়নি। শেষ ছবিতে এই জুটিকে পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে আসন্ন ছবিতে কে তাদের পরিচালনা করবেন, তা এখনো স্পষ্ট নয়। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, প্রযোজনা ‘দেব এন্টারটেনমেন্ট’-এরই। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এক এক করে ছবি সম্পর্কিত নানা তথ্য ঘোষণা করবেন তারকারা নিজেরাই। তবে হলপ করে এখনই বলা যাচ্ছে এই সিনেমা মুক্তি পেলে বক্সঅফিসে ঝড় উঠবে।