‘প্রসেনজিৎ-ঋতুপর্ণা’
টলিপাড়ার অন্দরের জল্পনা ফের জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা
টলিউডের হিট জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। পর্দায় তাদের উপস্থিতি এক আলাদা মাত্রা যোগ করে। এই জুটিকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকে ভক্তরা। কৌশিক গাঙ্গুলি নতুন বছরে নতুন চমক আনছেন। টলিপাড়ার অন্দরের জল্পনা ফের জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সমাজমাধ্যমে ভাইরাল প্রসেনজিৎ-ঋতুপর্ণার ছবি। তবে শুধু তাঁদের নয়, ছড়িয়ে পড়েছে পরিচালক কৌশিক গাঙ্গুলি ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের আপ্তসহায়কদের ছবিও। অর্থাৎ দেখা যাচ্ছে ঋতুপর্ণার আপ্তসহায়ক শর্মিষ্ঠা মুখার্জিকে। এখান থেকেই দুইয়ে দুইয়ে চার করছেন নেটিজেনরা। তবে কি সত্যি কৌশিক গাঙ্গুলির পরিচালনায় পর্দায় জুটি বাঁধতে চলেছেন ঋতুপর্ণা প্রসেনজিৎ ?
সূত্রের খবর, নতুন বছরে নিজের প্রথম ছবি ‘বিজয়নগরের হীরে’র ডাবিংয়ে গিয়ে নাকি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় প্রসেনজিতের। শোনা যাচ্ছে, একই জায়গায় নিজের ছবির পোস্ট প্রোডাকশনের কাজে গিয়েছিলেন পরিচালকও। সেখানেই নাকি নতুন ছবি নিয়ে
আলোচনা হয় তাঁদের। আর সেই ছবিতে ফের প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণাকে দেখা যাবে বলেই শোনা যাচ্ছে। বলে রাখা ভালো, কানাঘুষো যখন এই খবর ছড়াচ্ছে ঠিক তখনই সোশাল মিডিয়ায় দেখা যায় ঋতুপর্ণা, প্রসেনজিৎ ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু ছবি। যা এদিন সকালেই পোস্ট করা হয়েছে।
২০০১ সালে ‘জামাইবাবু’ ছবি মুক্তির চোদ্দো বছর পর ‘প্রাক্তনে’র হাত ধরে বড়পর্দায় প্রত্যাবর্তন ঘটেছিল তাঁদের। পছন্দের জুটির ‘রিইউনিয়নে’ যারপরনাই খুশি হয়েছিলেন দর্শক। ২০১৭ সালে উইন্ডোজ প্রযোজনার ব্যানারে মুক্তি পায় ‘প্রাক্তন’। এই ছবিতে তাদের জুটি এক অন্য মাত্রা যোগ করেছিল। বক্সঅফিসেও সুপারহিট হয় ‘প্রাক্তন’। এরপর কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘দৃষ্টিকোন’ ও ‘অযোগ্য’ তে এই জুটিকে পেয়েছিলেন দর্শক। মাঝে যদিও ‘প্রসেনজিৎ ওয়েডস
ঋতুপর্ণা’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাঁদের। ‘অযোগ্য’র পর টলিপাড়ার এই হিট জুটি ফের কবে পর্দায় ফিরবে তা নিয়ে অনেকের মনেই অনেকবার প্রশ্ন জেগেছিল । তাই তারকাদের একসঙ্গে ভাইরাল হওয়া ছবিতে সিনেমাপ্রেমীদের নানা মন্তব্যে ভরে গিয়েছে। এসেছে মিশ্র প্রতিক্রিয়াও। অনেক দর্শক চাইছেন ‘প্রাক্তন ২’ বা ‘দৃষ্টিকোন ২’ নিয়ে ফিরুক এই জুটি। তবে দর্শকের উত্তেজনাকে আরও একটু বাড়তে দিতে চান তারকারা। কারণ প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির আলোচনা নাকি এই মুহূর্তে রয়েছে একেবারেই প্রাথমিক পর্যায়ে। সব কিছু ঠিক থাকলে নাকি চলতি বছরে গ্রীষ্মকালেই শুটিং শুরু হবে নতুন ছবির।