‘ অভিনেত্রী দীপান্বিতা ‘
রবিবার ছুটির দিনে মধুমিতা-দেবমাল্য কে আইবুড়োভাত খাইয়েছে তাদের বন্ধুবান্ধবরা
বেশকিছুদিন ধরেই টেলিপাড়ায় গুঞ্জন বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। তবে সেভাবে এই নিয়ে সেভাবে মুখ খোলেননি অভিনেত্রী। কিন্তু এদিন নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে গুঞ্জনে সিলমোহর দিলেন। ১৫ ডিসেম্বর সই-সাবুদে বিয়ে সেরেছেন দীপান্বিতা। পাত্র অভিনেত্রীর বহু বছরের প্রেমিক গৌরব দত্ত।
সোমবার, ১৫ ডিসেম্বর মনের মানুষের সঙ্গে খাতায়-কলমে আইনি বিয়েটা সেরে ফেলেছেন পর্দার ‘খুকুমণি’। নিজের জীবনের বিশেষ এই দিনের একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে দীপান্বিতা ক্যাপশনে লিখেছেন ‘অফিসিয়ালি ম্যারেড’। করেছেন আংটি বদলও। সঙ্গে উল্লেখ করেছেন নিজের জীবনের বিশেষ এই তারিখটিও। দীপান্বিতার ছিমছাম লুক নজর কেড়েছে সকলের। হাল্কা নীলচে আভা ছড়ানো সিক্যুইনের শাড়ি। তুলে বাঁধা খোঁপার নীচে উঁকিঝুঁকি নরম
গোলাপি রঙের গোলাপ। মুক্তো আর হিরে বসানো ছিমছাম গয়না। খুব কম রূপটান। পাত্র পশুচিকিৎসক রীতিমতো পাল্লা দিয়েই সেজেছেন নায়িকা স্ত্রীর সঙ্গে। পোশাকেও রংমিলন্তি। সাজসজ্জাতেও ঝকঝকে। জানা গেছে একদম ঘরোয়া আয়োজনে ২৫ জনের উপস্থিতিতে আজীবনের মতো পরস্পরের হাত ধরলেন দীপান্বিতা-গৌরব। আংটি বদলের পর রেজিস্ট্রি পেপারে সই। কিন্তু সাত পাক কবে ঘুরবেন? অভিনেত্রী জানিয়েছেন আপতত আইনি বিয়েটা সেরে রাখলেন। সামাজিক বিয়ের ঢের দেরি। ২০২৭-এর আগে ছাদনা তলায় যাচ্ছেন না। আপতত কেরিয়ারই মূল ফোকাস দুজনের।
কর্মসূত্রে মালদাতে থাকেন দীপান্বিতার বর। সময় পেলেই চলে আসেন নায়িকার কাছে। খুকুমণির স্পেশ্যাল ডে-তে কিন্তু বাঙালি পদ নয়, মেনুতে ছিল মোগলাই খানাপিনা। রকমারি কাবাব, বিরিয়ানি-তে ভরে ছিল প্লেট। শেষপাতে ছিল মিষ্টিও। এমনিতে ফিটনেস ফ্রিক দীপান্বিতা, তবে বিয়ের আসরে পেটপুরে খেয়েছেন।
সোমবার বিয়ের পর্ব সারলেও একদিন পরই প্রকাশ্যে এনেছেন গুড নিউজ। বিয়ের পর্ব মিটলেও ফুরসৎ নেই নায়িকার হাতে। মঙ্গলবার তিনি তাজপুরে, সঙ্গী বর। তবে হানিমুন নয়, জানেন কোন কাজে সাগরপারে দীপান্বিতা? শীঘ্রই স্টার জলসার নতুন সিরিয়াল ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এ মুখ্য চরিত্রে ফিরছেন তিনি। এই ধারাবাহিকে শুভ্রজিৎ সাহার সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা। সেই সিরিয়ালের
শ্যুটিংয়েই তাজপুরে অভিনেত্রী। বরও সঙ্গে রয়েছেন। কাজের পাশাপাশি একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন দীপান্বিতা। ধারাবাহিক ‘তুঁতে’, ‘খুকুমণি হোম ডেলিভারি’-র হাত ধরে বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন দীপান্বিতা রক্ষিত। বাংলা ধারাবাহিকের নায়িকাদের মধ্যে যাঁরা অল্পদিনেই দর্শকের মন জয় করে নিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম তিনি।